ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

আলবেনিয়ায় শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আলবেনিয়ায় শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক, অন্যান্য

আলবেনিয়ায় শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

শিক্ষাব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কয়েক দশ হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন ও দুটি ব্যাংকে আগুন দেন। পুলিশের দিকে পাথরও ছোড়েন বিক্ষোভকারীরা।

রয়টার্সের ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন, উল্টে দেওয়া আবর্জনার পাত্র এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, মন্ত্রণালয়ের কাছে রাইফাইজেন ব্যাংকের একটি শাখাতেও আগুন লাগে।


গত বছরের মে মাসের নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে এটি সবচেয়ে সহিংস বিক্ষোভ। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে তার সরকারের ওপর অসন্তোষ বাড়ছে। তবে বিরোধী রাজনীতিকদেরও গ্রহণযোগ্য বিকল্প মনে করছেন না বিক্ষোভকারীরা।


এর আগে গ্রীষ্মজুড়ে রামার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হয়। আলবেনিয়ার দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থিত বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রস্তাবকে কেন্দ্র করে ওই আন্দোলন শুরু হয়। প্রকল্পটি জমিসংক্রান্ত আইনি বিরোধে জড়িয়েছে।


পুলিশের দিকে পাথর ছোড়ার সময় লোরা নামের এক শিক্ষার্থী বলেন, এটি বিপ্লব। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত। রামা পদত্যাগ না করা পর্যন্ত থামব না। অন্য বিক্ষোভকারীরাও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।


আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার বাড়তি খরচ, আর্থিক সহায়তার অভাব এবং স্নাতক শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তা তাঁদের আন্দোলনের কারণ। ইউরোপজুড়ে শিক্ষা ও জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটল। ফ্রান্সেও বেশি শিক্ষক ও উন্নত অবকাঠামোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ ও বিদ্যালয় অবরোধ করছে শিক্ষার্থীরা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন