ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজে যোগদান করতে পারলেন না নবনিযুক্ত অধ্যক্ষ

জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজে যোগদান করতে পারলেন না নবনিযুক্ত অধ্যক্ষ

সারা বাংলা

জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজে যোগদান করতে পারলেন না নবনিযুক্ত অধ্যক্ষ

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে পারেননি কলেজটির নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি শেরপুর নার্সিং কলেজে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছেন। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ ১ মাস আন্দোলনের পর গত ১২ অক্টোবর মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

প্রজ্ঞাপন জারির পর থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা জামালপুর সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সামনে মাকসুদা ইয়াসমিনের যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য আসেন।

 

এ সময় আন্দোলনে থাকা শিক্ষার্থীরা তাঁকে দেখে ভুয়া, দুর্নীতিবাজ, লোভী, ধান্দাবাজ, মিথ্যাবাদী, ফ্যাসিস্টসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং তাকে কলেজে ঢুকতে বাধা দেয়।

 

পরে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে দীর্ঘ সময় কলেজের সামনে আটকে থাকেন মাকসুদা ইয়াসমিন। তারপর দুপুর ২টার দিকে কলেজে ঢুকতে না পেরে কলেজের গেট থেকেই ফিরে যান তিনি।

 

এ বিষয়ে জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে বিষয়টি আমি শুনেছি। এখন উনার (মাকসুদা ইয়াসমিন) বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। এখানে আমার কিছু করার বা বলার নেই।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন