আন্তর্জাতিক, আরব
সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সেটিতে এবং পাশের পশুখাদ্যের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আলইখবারিয়া টিভির বরাতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। দেশটির ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনের অনুপ্রবেশ ও অভিযানের মধ্যেই নতুন এই ঘটনার খবর এল।
আলইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। অভিযানের একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে কাছাকাছি অবস্থিত পশুখাদ্য সংরক্ষণের একটি গুদামেও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বাড়ি ও গুদামে আগুন দেওয়ার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির বাফার জোনেও নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী।
সিরীয় কর্তৃপক্ষ এসব অনুপ্রবেশ ও হামলার বারবার নিন্দা জানিয়েছে। দামেস্কের অভিযোগ, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৪ সালের সেনা পৃথকীকরণ চুক্তিতে নির্ধারিত অবস্থানে ইসরায়েলি বাহিনীকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিরিয়া।
এদিকে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে দামেস্ক ও তেল আবিব। এই আলোচনার লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তাসংক্রান্ত ব্যবস্থা নির্ধারণ এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহাল করা।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল