আন্তর্জাতিক, অন্যান্য
ছারপোকার উপদ্রবে রোমে কোয়ান্টাস উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ

পার্থ থেকে রোমগামী কোয়ান্টাসের একটি উড়োজাহাজে ছারপোকা পাওয়ার পর সেটি সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিষ্কারের জন্য উড়োজাহাজটি রোমে আটকে রাখায় ১০ অক্টোবরের রোম–পার্থ ফিরতি ফ্লাইট বাতিল হয়।
ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ৯ অক্টোবর পার্থ থেকে ছেড়ে যাওয়া কিউএফ৫ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ইকোনমি শ্রেণির সামনের অংশে ছারপোকা পাওয়া যায়। বিষয়টি প্রথম প্রকাশ করে সিডনি মর্নিং হেরাল্ড।
কোয়ান্টাসের মুখপাত্র জানান, ইকোনমি শ্রেণির অল্প কয়েকটি আসনে সমস্যা শনাক্ত হওয়ার পর প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের দিয়ে উড়োজাহাজটি ভালোভাবে পরিষ্কারের জন্য ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি নির্ধারিত যাত্রার সময় থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কোয়ান্টাস।
সংস্থাটির দাবি, তাদের উড়োজাহাজের কেবিন নিয়মিত অত্যন্ত উচ্চ মান বজায় রেখে পরিষ্কার করা হয়। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে প্রতি ৫০ দিন অন্তর জীবাণুনাশকও প্রয়োগ করা হয়।
ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের পরজীবীবিদ অধ্যাপক মিশেল পাওয়ারের ধারণা, কোনো যাত্রীর পোশাক বা লাগেজের সঙ্গে ছারপোকা উড়োজাহাজে উঠে কেবিনে ছড়িয়ে পড়েছে। তার ব্যাখ্যায়, ছারপোকা অন্ধকার জায়গা পছন্দ করে এবং মানুষের পোশাকের গন্ধে আকৃষ্ট হয়। ফলে আক্রান্ত হোটেল থেকে সহজেই লাগেজে ঢুকে পড়তে পারে।
পাওয়ার বলেন, ছারপোকা বিপজ্জনক নয়, তবে এর কামড়ে চুলকানি ও অস্বস্তি হতে পারে। দীর্ঘদিন না খেয়েও চাদর ও ফাঁকফোকরে লুকিয়ে থাকতে পারে বলে এগুলো নির্মূল করা কঠিন। আর্থিকভাবে অসচ্ছল মানুষের পক্ষে কীটনাশক কেনা কিংবা ছারপোকা মারতে প্রয়োজনীয় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম করার খরচ বহনও কঠিন হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল