ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে না: ট্রাম্প

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক, আমেরিকা

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে হামলাকারী নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে না। ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্বনির্ধারিত সময়েই ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য সরাসরি দেখানো হবে। তখন ট্রাম্পও পরিকল্পনাটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। এবার সেই অবস্থান থেকে সরে এলেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প হাসানকে অত্যন্ত খারাপ ও নিষ্ঠুর ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। ২০০৯ সালে টেক্সাসের ওই ঘাঁটিতে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।


ট্রাম্পের দাবি, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা যেত। তবে অনেক সৎ ও সদুদ্দেশ্যসম্পন্ন মানুষ এমন দৃশ্য দেখতে চান না। নিহতদের নিকটাত্মীয়রা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা দেখার সুযোগ পাবেন বলে জানান তিনি।


প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে বলেছিলেন, এ ধরনের অপরাধের গুরুতর পরিণতি বোঝাতেই মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে। তার ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল সময় দুপুর ১টায় সাজা কার্যকরের কথা রয়েছে।


পরিকল্পনাটির সমালোচনা করেন ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা ছিল, সম্প্রচারটি অশ্লীল বা বীভৎস বিষয়বস্তু প্রচারসংক্রান্ত মার্কিন আইনের লঙ্ঘন হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের ওই দৃশ্য দেখা ঠেকানো সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।


সমালোচকদের মতে, এমন সম্প্রচার অপরাধ ঠেকানোর বদলে হামলাকারীকে মহিমান্বিত করতে এবং অনুকরণমূলক হামলায় উৎসাহ দিতে পারে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন