ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

১২ বছরের অপেক্ষা শেষে খুলল চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

১২ বছরের অপেক্ষা শেষে খুলল চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

আন্তর্জাতিক, এশিয়া

১২ বছরের অপেক্ষা শেষে খুলল চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে চালু হলো নিউ ইয়ালু রিভার সেতু। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই প্রতিবেশীর বাণিজ্যিক সম্পর্কের উন্নতির মধ্যেই খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগ।

তিন কিলোমিটার দীর্ঘ সেতুটি চীনের সীমান্তশহর দানদংকে উত্তর কোরিয়ার সিনুইজুর সঙ্গে যুক্ত করেছে। এটি দুই দেশের স্থলবাণিজ্যের প্রধান পথ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পুরোনো চীন-কোরিয়া মৈত্রী সেতুর বিকল্প হিসেবে নতুন সেতুটি ব্যবহার করা হবে।


২০১৪ সালে সেতুটি চালুর কথা ছিল। তবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সংযোগ সড়ক ও শুল্ক অবকাঠামোর নির্মাণকাজ বন্ধ করে দেয় পিয়ংইয়ং। এতে উদ্বোধন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।


বৃহস্পতিবার এক ভিডিও বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সেতুটিকে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের নতুন নিদর্শন হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে।


চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর দুই দেশের বাণিজ্য ২৭০ কোটি ডলারে পৌঁছেছে, যা মহামারির আগের পর্যায়ে ফেরার ইঙ্গিত দেয়। এর বড় অংশই ছিল উত্তর কোরিয়ায় চীনের রপ্তানি।


তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল থাকায় বাণিজ্যে হঠাৎ বড় উল্লম্ফনের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনা পণ্যের ব্যাপক প্রবেশে নিজস্ব বাজারে বেইজিংয়ের প্রভাব বেড়ে যাওয়া নিয়েও সতর্ক পিয়ংইয়ং।


পর্যবেক্ষকদের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ায় পিয়ংইয়ংয়ের ওপর প্রভাব জোরদারে আগ্রহী চীন। সম্প্রতি সরাসরি বিমান ও যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু এবং জুনে সি চিন পিংয়ের পিয়ংইয়ং সফরের পর সেতু চালু হওয়াকে সম্পর্ক উন্নয়নের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন