সারা বাংলা
নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

নাটোরের বড়াইগ্রামে যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ মো. মোস্তফা (৪২) নামে এক জাল টাকা কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিপিসি-২ নাটোর এবং সিপিএসসি রাজশাহীর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. মোস্তফা পটুয়াখালী জেলা সদরের মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির যৌথ টিম রাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মোস্তফাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এমএনকে