সারা বাংলা
ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে। এ সময় জাল নোট তৈরি ও সরবরাহের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জেলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ীয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫)। অপর দুজন হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের আব্দুর রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮) এবং একই উপজেলার মেনেপাড়া গ্রামের রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯)।
পুলিশের প্রেস নোট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল রামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।
ফুলবাড়ীয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটের মূল উৎস এবং এই চক্রের পেছনের হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত চলছে। জাল নোটের বিস্তার রোধে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবিসি/এমএনকে