সারা বাংলা
ফরিদপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ৪ বছর পর মূল হোতা গ্রেপ্তার

ফরিদপুরে চার বছর আগে চেতনানাশক প্রয়োগ করে চালক বিশ্বনাথ সরকারকে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই ফরিদপুর সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের বিশ্বনাথ সরকার তাঁর ইজিবাইক নিয়ে বের হন। পথিমধ্যে একটি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য তালমা যাওয়ার কথা বলে তাঁর ইজিবাইকটি ভাড়া করে।
বাখুন্ডা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে চক্রের সদস্যরা চালক বিশ্বনাথের মুখে চেতনানাশক ওষুধ মেশানো রুমাল চেপে ধরে। এরপর তাঁকে অচেতন অবস্থায় ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পিবিআই জানায়, ২০২২ সালের ১৯ অক্টোবর মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক অখিল কুমার বিশ্বাস শহরের একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটির কিছু অংশ উদ্ধার করেন। সেই সূত্র ধরে তখন দুজনকে আটক করা সম্ভব হলেও মূল অপরাধীরা আত্মগোপনে চলে যায়।
দীর্ঘ তদন্তের ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর শহরের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা মুরাদ শেখকে গ্রেপ্তার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যার লোমহর্ষক বিবরণ দিয়েছেন।
পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনের মধ্যে দুজন এবং চোরাই ইজিবাইক কেনার অভিযোগে এক ক্রেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি আসামিদেরও দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
ডিবিসি/এমএনকে