আন্তর্জাতিক, এশিয়া
দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, আগুন নেভাতে গিয়ে নিহত ৪

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির পূর্ব জাভার একটি জাতীয় উদ্যানে আগুন নেভানোর সময় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা।
শুক্রবার (১৬ অক্টোবর) ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার পূর্ব জাভার ব্রোমো তেঙ্গের সেমেরু জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের সময় আগুনে আটকা পড়ে চারজন প্রাণ হারান। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বন মন্ত্রণালয় বলেছে, দাবানল নিয়ন্ত্রণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগুনের গতিপথ, বাতাসের দিক এবং জরুরি সরিয়ে নেওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা জরুরি।
এদিকে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা ও বোর্নিও দ্বীপ। বৃহস্পতিবার রাত পর্যন্ত স্যাটেলাইট পর্যবেক্ষণে দেশজুড়ে ৭৯৯টি উচ্চ-নিশ্চয়তাসম্পন্ন হটস্পট শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪২৭টি বেশি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি হটস্পট পৃথক আগুনের ঘটনা নির্দেশ করে না।
পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর সহায়তা গ্রহণে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। মালয়েশিয়া ইতোমধ্যে তিনটি হেলিকপ্টার, একটি উড়োজাহাজ ও ৫২ জন কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সহায়তার আগ্রহ জানিয়েছে সিঙ্গাপুরও।
দাবানলের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ প্রতিবেশী দেশগুলোতে। এতে লাখো মানুষ শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যায় ভুগছেন। পরিস্থিতির অবনতিতে মালয়েশিয়া ও পূর্ব তিমুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল