সারা বাংলা
চট্টগ্রামের মিরসরাইয়ে ফুলে সজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা

সাইকেল কিংবা স্কুটিতে চেপে রোদ-বৃষ্টি উপেক্ষা করে যিনি ছুটে আসতেন প্রিয় প্রাঙ্গণে, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পরম মমতায় বিলিয়ে দিতেন জ্ঞানের আলো কর্মজীবনের শেষ দিনে সেই মানুষটিই ফিরলেন ফুলে সজ্জিত রাজকীয় এক গাড়িতে।
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে শিক্ষার্থীদের এমন অশ্রুসিক্ত ও রাজকীয় ভালোবাসায় বিদায় নিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউল কবির।
বিদায়বেলায় বিদ্যালয় চত্বর রূপ নেয় আবেগঘন এক পরিবেশে। ফুল ছিটিয়ে, গলায় মালা পরিয়ে এবং প্রিয় শিক্ষকের গাড়ির পেছনে ছুটে ভালোবাসা প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শেষবারের মতো শিক্ষার্থীদের মাথায় স্নেহের হাত বুলিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই প্রবীণ শিক্ষকও।
জানা যায়, ১৯৯১ সালে মাত্র ১ হাজার ৫১২ টাকা বেতনে শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছিলেন আলাউল কবির। দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদান শেষে ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টানা ১৬ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। শ্রেণিকক্ষে গণিত ও হিসাববিজ্ঞানের জটিল সমীকরণ মেলানোর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিখিয়েছেন সততা, মানবিকতা ও নীতি-নৈতিকতার পাঠ।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য সহকর্মী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে উৎসর্গ করে মানপত্র পাঠ, উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন এবং স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা জানান, ফুলের সাজানো গাড়ি কিংবা আনুষ্ঠানিক আয়োজন নয়; সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে আলাউল কবিরের সবচেয়ে বড় সঞ্চয় শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর প্রতি গড়ে ওঠা গভীর শ্রদ্ধা ও চিরন্তন ভালোবাসা।
ডিবিসি/এমএনকে