সারা বাংলা
কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় ওয়ার্ড যুবদল নেতা নিহত

কুমিল্লায় ওয়ার্ড যুবদলের সদস্য কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য এবং স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থানকালে কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে কাউছারকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসডব্লিউএন