আন্তর্জাতিক, অন্যান্য
তুরস্কের সমুদ্রতলে মিলল ৪ হাজার ৭০০ বছরের পুরোনো জাহাজের নিদর্শন

তুরস্কের উপকূলে বিশ্বের প্রাচীনতম জাহাজডুবির নিদর্শন আবিষ্কারের দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। প্রায় ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৭০০ বছরের পুরোনো জাহাজটি ব্রোঞ্জ যুগের শুরুর দিকের। মিসরের বিখ্যাত বৃহৎ পিরামিড নির্মাণের সময়কালের এই আবিষ্কার প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের ইতিহাসে নতুন তথ্য যোগ করেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের আনতালিয়া অঞ্চলের কেকোভা দ্বীপের উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার গভীরে জাহাজটির নিদর্শন পাওয়া যায়। প্রায় ১০ মিটার দীর্ঘ বাণিজ্যজাহাজটির কাঠের কাঠামো সংরক্ষিত না থাকলেও উদ্ধার করা হয়েছে ৩০টির বেশি মাটির পাত্র ও তিনটি পাথরের নোঙর।
অভিযানের নেতৃত্ব দেওয়া আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাকান ওনিজ জানান, উদ্ধার করা পাত্রগুলোর গঠন ও নকশা বিশ্লেষণ করে জাহাজটির বয়স নির্ধারণ করা হয়েছে। এসব পাত্রের সঙ্গে মিসর ও মধ্যপ্রাচ্যে পাওয়া একই সময়ের প্রত্ননিদর্শনের মিল রয়েছে।
অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ড. কারিন সোওয়াদা জানান, কয়েকটি পাত্রের ভেতরে এখনো আঠালো পদার্থের অবশিষ্টাংশ রয়েছে। সেগুলো জলপাইয়ের তেল, মদ কিংবা গাছের রজন হতে পারে। পদার্থগুলোর প্রকৃতি শনাক্তে গবেষণা চলছে।
গবেষকদের ধারণা, জাহাজটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূল থেকে পণ্য নিয়ে প্রাচীন ট্রয় নগরী অথবা ক্রিট দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। এর আগে গ্রিসের ডোকোস দ্বীপের কাছে প্রায় ৪ হাজার ২০০ বছরের পুরোনো একটি জাহাজডুবিকে বিশ্বের প্রাচীনতম বলে বিবেচনা করা হতো। উদ্ধার করা প্রত্ননিদর্শনগুলো সংরক্ষণের পর আনতালিয়ার নতুন ভূমধ্যসাগরীয় জলতল প্রত্নতত্ত্ব জাদুঘরে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসএফএল