সারা বাংলা
ফেনীতে দুর্গাপূজায় ১৮ মণ্ডপের নিরাপত্তায় থাকছে ৫ প্লাটুন বিজিবি

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্যাপনের সামগ্রিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আওতাধীন মোট ১৮টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ লক্ষ্যে পরশুরামের বক্স মাহামুদ উচ্চ বিদ্যালয়ে একটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় ৫ প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ডিবিসি/এমএনকে