ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঠাকুরগাঁও সীমান্ত এলাকার ৬৬ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে বিজিবি

ঠাকুরগাঁও সীমান্ত এলাকার ৬৬ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে বিজিবি

সারা বাংলা

ঠাকুরগাঁও সীমান্ত এলাকার ৬৬ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকার ৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

 

তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে বিজিবি সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

 

সেক্টর কমান্ডার জানান, ঠাকুরগাঁও সেক্টরের আওতাধীন ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় তিনটি ব্যাটালিয়ন এবং ৬২টি বর্ডার আউটপোস্ট (বিওপি) রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতেও এসব এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

পূজামণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি দেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন