সারা বাংলা
গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বলাকইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান সদর উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মায়ের সঙ্গে বলাকইড় বাজারে যায় শিশুটি। এ সময় মায়ের হাত ছেড়ে সে সড়কের ওপর দৌড় দিলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহমেদ জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।
ডিবিসি/আরএসএল