সারা বাংলা
খুলনায় মহাষষ্ঠীর রাতে উৎসবের আমেজ, আলোকসজ্জায় ঝলমল পূজামণ্ডপ

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর বর্ণিল আলোকসজ্জায় উৎসবমুখর খুলনা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার রাত থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। উৎসবকে ঘিরে রয়েছে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খুলনাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা, দৃষ্টিনন্দন সাজসজ্জা আর রঙিন আলোকসজ্জায় তৈরি হয়েছে উৎসবের আবহ। মহাষষ্ঠীর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের দুর্গোৎসব। সন্ধ্যার পর থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শনে বের হচ্ছেন অনেকে। পূজার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।
এদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন