ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ: দাবি তেহরানের

ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ: দাবি তেহরানের

আন্তর্জাতিক, আরব

ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ: দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও দূরে সরিয়ে দিতে নতুন সামরিক পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, আগামী দিনগুলোতে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মার্কিন নৌবাহিনীকে আরও পিছু হটতে বাধ্য করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) এক সাক্ষাৎকারে আকরামিনিয়া দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ও গোয়েন্দা তৎপরতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো দেশটির উপকূল থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করতে বাধ্য হচ্ছে। বর্তমানে ওমান সাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলেও দাবি করেন তিনি।


ইরানি এই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দাবি করলেও বাস্তবে মার্কিন বাহিনী সেখানে প্রবেশের সাহস পাচ্ছে না।


ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে-ট্রাম্পের এমন দাবিও প্রত্যাখ্যান করেন আকরামিনিয়া। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা সরঞ্জামের উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন প্রযুক্তি, আধুনিক সরঞ্জাম ও সমন্বিত সামরিক কৌশল যুক্ত করে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে।


তার ভাষ্য অনুযায়ী, নতুন পরিকল্পনা ও সামরিক মহড়ার মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের প্রস্তুতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে।


আকরামিনিয়া আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে যৌথ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে অঞ্চলটি থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ ৪০ দিন পর যুদ্ধবিরতির মাধ্যমে থামে। এরপর জুনের মাঝামাঝি ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি আনুষ্ঠানিক রূপ পায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন