সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে থাকা পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বিজিবি। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা শুরুর আগে থেকেই এই নিরাপত্তা জোরদার করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে সীমান্তবর্তী ১৩টি পূজামণ্ডপে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা দিনে ও রাতে পূজামণ্ডপ পাহারাসহ এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। এছাড়াও অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি ব্যাটালিয়নে প্রস্তুত রাখা হয়েছে।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে এসব বিষয়ে জানান।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরও উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের প্রতিটি পূজামণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন