ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ইয়েমেনে আট ঘণ্টার তীব্র লড়াই, ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনে আট ঘণ্টার তীব্র লড়াই, ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

আন্তর্জাতিক, আরব

ইয়েমেনে আট ঘণ্টার তীব্র লড়াই, ১৬ হুতি যোদ্ধা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ শহরের দক্ষিণে হুতি বিদ্রোহীদের বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। প্রায় আট ঘণ্টার তীব্র সংঘর্ষে অন্তত ১৬ হুতি যোদ্ধা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর ২২তম মেকানাইজড ব্রিগেড এ তথ্য জানায়।


বিবৃতিতে বলা হয়, স্থানীয় প্রতিরোধযোদ্ধাদের সহযোগিতায় সরকারি বাহিনী তায়েজ শহরের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ আল-শাকাব ফ্রন্টের পূর্ব ও পশ্চিম অংশে হুতিদের বড় ধরনের আক্রমণ প্রতিহত করেছে।


সেনাবাহিনীর দাবি, প্রায় আট ঘণ্টা ধরে চলা সংঘর্ষে হুতি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও কোনো এলাকার নিয়ন্ত্রণ নিতে পারেননি। প্রাথমিক হিসাবে সংঘর্ষে ১৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।


তবে সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সম্প্রতি তায়েজ প্রদেশসহ বিভিন্ন এলাকায় হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।


এর আগে বুধবার (১৪ অক্টোবর) ইয়েমেনের সেনাবাহিনী দাবি করে, তায়েজের আল-শাকাব, আল-আকরুদ ও ধুবাবসহ কয়েকটি ফ্রন্টে সংঘর্ষে দুই শতাধিক হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।


চলতি অক্টোবরের শুরুতে হুতিনিয়ন্ত্রিত অঞ্চল, বিশেষ করে রাজধানী সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।


উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন