আন্তর্জাতিক, আরব
সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে যুবকের মৃত্যুদণ্ড
.webp)
সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আইয়ুব মোহাম্মদ নাবিল (২৮) নামে এক ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) ইরানের রাশত শহরের লাকান কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত ইরানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরানওয়্যার।
প্রতিবেদনে বলা হয়েছে, আইয়ুব মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথা শহরের বাসিন্দা ছিলেন। তিনি বৈধভাবে ইরানে প্রবেশ করেছিলেন এবং একটি ব্যক্তিগত ভিলায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। ২০২৫ সালের ২৬ আগস্ট ইরানের ফুমান শহর থেকে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর নাবিলকে প্রায় পাঁচ মাস রাশতের গোয়েন্দা বিভাগের একটি আটককেন্দ্রে রাখা হয়। মানবাধিকার সংস্থাটির অভিযোগ, আটক অবস্থায় তাকে গুরুতর মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নাবিল সৌদি আরব কিংবা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। তার দাবি ছিল, ধর্মীয় বিশ্বাস ও কর্মকাণ্ডের কারণেই তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে রাশতের বিপ্লবী আদালতের প্রথম শাখা সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নাবিলকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সেই দণ্ড কার্যকর করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরানের বিচার বিভাগ কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
এদিকে নাবিলের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কী ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছিল, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ইরানওয়্যার
ডিবিসি/এসএফএল