বাংলাদেশ, জাতীয়
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর বার্তা

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারই সব ধর্মের মূল উপজীব্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মানবতার কল্যাণই সকল ধর্মের মূল শিক্ষা। নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী জগতের মঙ্গল কামনায় এবং ভক্তদের কল্যাণে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা দুর্গাপূজাকে এক অনন্য মাত্রা দান করেছে।
দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ আবহমানকাল ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করে আসছে এটিই বাংলাদেশের সংস্কৃতির মূল সৌন্দর্য। ধর্মীয় ও সামাজিক এই মেলবন্ধনের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।
বাণীতে তিনি আরও বলেন, হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরশাসনের অবসানের পর দেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং শুরু হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের কাজ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই সরকারের প্রধান অঙ্গীকার।
'ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার' এই বার্তা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের দেশজুড়ে নির্ভয়ে, নিশ্চিন্তে এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
ডিবিসি/এমএনকে