আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে সুপারট্যাঙ্কারে আগুন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের শিকার হয়েছে ২০ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাঙ্কার। বিস্ফোরণের পর ট্যাঙ্কারটিতে ভয়াবহ আগুন ধরে যায়। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
আইআরজিসির দাবি, সুপারট্যাঙ্কারটি একটি ‘অননুমোদিত’ রুট দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। সে সময় জলসীমায় থাকা একটি সামুদ্রিক মাইনের সাথে সেটির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি নিজেদের সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় এবং পরিচয় গোপন করে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করছিল ট্যাঙ্কারটি।
ঘটনার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি নৌবাহিনী ঘোষণা করেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।’ একই সাথে সংস্থাটি সতর্ক করে জানায়, যেসব নৌযান মার্কিন সহায়তার ওপর ভরসা করে ইরানের সামুদ্রিক আইন লঙ্ঘন করবে, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।
ডিবিসি/এসডব্লিউএন