সারা বাংলা
ভক্তদের ঢলে মুখরিত নাটোরের দুর্গামণ্ডপ, সাড়ম্বরে মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে নাটোরে উৎসবের দ্বিতীয় দিন শ্রীশ্রী দুর্গাপূজার মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই জেলার প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূজাসূচি অনুযায়ী, সকালে মণ্ডপে মণ্ডপে দেবীর নবপত্রিকা (কলাবউ) প্রবেশ, স্নানযাত্রা ও স্থাপন শেষে সপ্তম্যাদিক কল্পারম্ভের মাধ্যমে মহাসপ্তমী পূজা শুরু হয়। শ্রীশ্রী চণ্ডীপাঠ, পূজারি ও ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান এবং অঞ্জলির মাধ্যমে জগজ্জননী দুর্গার চরণে আরতি অর্পণ করা হয়।
নাটোর জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, নাটোর শহরের জয়কালী মন্দির, রাজবাড়ী মন্দির, তেবাড়িয়া, হালসাসহ জেলার ৭টি উপজেলার ৪০৫টি ছোট-বড় সব পূজামণ্ডপেই নিরাপদে ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে। ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
পূজা দেখতে আসা ভক্তরা জানান, দেবী দুর্গার কাছে তাঁদের একটাই প্রার্থনা—পৃথিবী থেকে যেন সব হিংসা ও অন্যায়ের অবসান ঘটে এবং দেশের প্রতিটি মানুষের জীবনে যেন শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। সন্ধ্যায় প্রতিটি মণ্ডপে আরতি ও ভোগরাগ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণের আয়োজন।
ডিবিসি/এসডব্লিউএন