ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে আমি তোমাদের সাহায্য চাই: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে আমি তোমাদের সাহায্য চাই: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাংলাদেশ, জাতীয়

ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে আমি তোমাদের সাহায্য চাই: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজধানীর হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। আর এজন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচারকক্ষসহ (ওটি) বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

 

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসা পরিবেশের সার্বিক উন্নয়নে কর্তৃপক্ষকে আগামী সাত দিনের সময় বেঁধে দেন।

 

এরপর প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে উপস্থিত হন। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।

 

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বিশেষ করে নভেম্বর পর্যন্ত সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নেয়। বহু মানুষ আক্রান্ত হন এবং প্রাণহানি ঘটে। এই সংকট মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, দুই থেকে আড়াই কোটি মানুষের এই ঢাকা শহরে পরিচ্ছন্নতাকর্মীদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে; তাই সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানোর পাশাপাশি ডাস্টবিন ও গাছের চারা চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে বলেন, ‘গাছ যত বাড়বে, আমরা তত বুক ভরে শ্বাস নিতে পারব। সবাই মিলে গাছ লাগালে শহরের তাপমাত্রাও কিছুটা কমিয়ে আনা সম্ভব।’

 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান এই কর্মসূচির অংশ হিসেবেই তিনি আজ মাঠপর্যায়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন