ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সারা বাংলা

কুমিল্লায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির পুকুরে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।

স্বজনদের মতে, পানিতে পড়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও গভীর পানিতে তলিয়ে যায়।

 

নিহত দুই বোন হলো ওই গ্রামের ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও মেজো মেয়ে সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহতদের স্বজন ও ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার দুপুরে দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। সাঁতার না জানা ছোট বোনকে তলিয়ে যেতে দেখে বড় বোন সামিয়া তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় এবং সেও গভীর পানিতে হারিয়ে যায়।

 

পারিবারিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তাঁর পায়ে কিছু একটা স্পর্শ করলে তিনি সন্দেহবশত ডুব দিয়ে সামিয়ার অচেতন দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়াকেও উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা দ্রুত অচেতন দুই শিশুকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

প্রতিবেশী শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া ছিল বড়। তাদের ছোট বোন মরিয়ম আক্তারের বয়স মাত্র দুই বছর। একসঙ্গে দুই কন্যাসন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। পুরো আসাদনগর গ্রামে বিরাজ করছে হৃদয়বিদারক পরিস্থিতি।

 

এই বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। তবে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন