জাতীয়
দুর্গাপূজার ছুটিতে সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশ এনবিআরের

আসন্ন শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পূজার ছুটির কারণে যাতে দেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ বাধাগ্রস্ত না হয়, সে উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির সময়েও জরুরি আমদানি-রপ্তানি চালান খালাস ও শুল্কায়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় রোস্টার ও কর্মপরিকল্পনা প্রণয়নেরও তাগিদ দেওয়া হয়েছে।
এনবিআরের এ সিদ্ধান্তের ফলে ছুটির দিনগুলোতেও বন্দর ও কাস্টমস স্টেশনগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শিল্পকারখানার কাঁচামাল দ্রুত খালাস করা সম্ভব হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ডিবিসি/এমএনকে