ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ রায়হানের বস্তাবন্দি মরদেহ মিলল খালে

পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ রায়হানের বস্তাবন্দি মরদেহ মিলল খালে

সারা বাংলা

পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ রায়হানের বস্তাবন্দি মরদেহ মিলল খালে

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রাইয়ান নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি কালো কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় খালে ভাসছিল মরদেহটি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা খাল থেকে স্থানীয়রা ব্যাগটি উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছিল। শনিবার সকালে রাইয়ানের মামা নৌকা নিয়ে বাড়ির পেছনের খালে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে একটি কালো ব্যাগ ভাসতে দেখতে পান তিনি। ব্যাগটির ওপর মাছি উড়তে দেখে সন্দেহ হয় তাঁর। পরে সেটি নৌকায় তুলে তীরে এনে খোলার চেষ্টা করলে ভেতর থেকে রক্ত বের হতে দেখা যায়।

 

রাইয়ানের চাচাতো দাদা নূরমোহাম্মদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় ওর খোঁজ করছিলাম। আজ সকালে খালে খোঁজ করতে গিয়ে ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ খুলতেই রক্ত বের হতে দেখে আমরা বুঝতে পারি, ভেতরে কিছু আছে।’

 

স্থানীয়দের ভাষ্য, ব্যাগটি তীরে আনার পর বাঁধন কিছুটা খুলতেই শিশুটির পা বেরিয়ে আসে। এ সময় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শিশুটির মাথা তখনও ব্যাগের ভেতরে ঢোকানো ছিল বলে জানান তারা।

 

এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি শিশুটির পরিবারের সদস্যদেরও অভিযোগ, রাইয়ানকে হত্যার সঙ্গে তার আপন খালু জড়িত থাকতে পারেন। পরিবারের দাবি, ঘটনার দিন ভোরে আল-আমীনকে গামছা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

 

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনার রহস্য ও হত্যার মোটিভ উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এর আগে গত ১৫ অক্টোবর নিজ বাড়িতে বাবা রাসেল খানের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল শিশু রাইয়ান। ওই সময় তার মা ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কুকুরের ডাক শুনে ঘরে ফিরে তিনি শিশুটিকে আর বিছানায় দেখতে পাননি।

 

শিশুটি নিখোঁজের ঘটনায় ওই রাতেই তার মা বাদী হয়ে কলাপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তার আপন বোনজামাই আল-আমীনকে আটক করে আদালতে পাঠায়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন