ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয়

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা হবে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস ও মেধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রবীণদের পরামর্শের পাশাপাশি সরাসরি মাঠে থেকে তরুণ সমাজই মূল ভূমিকা পালন করেছে। নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের বিপদে স্বেচ্ছায় এগিয়ে আসা তরুণদের অবদানের প্রশংসা করেন তিনি।

 

তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের কাজ করছে। তরুণদের জন্য বরাদ্দকৃত ৫০০ কোটি টাকার এই তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বক্তব্য রাখেন এবং তিনজন পুরস্কারপ্রাপ্ত তরুণ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন এবং দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন