আন্তর্জাতিক, আরব
ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিলেন ইসরায়েলি ধর্মীয় নেতা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাগান থেকে জলপাই চুরির অনুমতি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী কট্টরপন্থী রাব্বি ডভ লিওর। শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক ধর্মীয় ফতোয়ায় তিনি ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের অনুমোদন দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লিওরের দাবি, ইসরায়েলি বিধিনিষেধের কারণে যেসব ফিলিস্তিনি কৃষক নিজেদের বাগানে প্রবেশ করতে পারছেন না, তারা আগের বছরগুলোতে ফসল সংগ্রহের মাধ্যমে যথেষ্ট সুবিধা পেয়েছেন। তাই তাদের জলপাই সংগ্রহ করা ইহুদিদের জন্য বৈধ। একে তিনি ‘অতিরিক্ত পুণ্যের কাজ’ বলেও উল্লেখ করেন।
লিওর আরও বলেন, ইহুদিদের উচিত নিজেদের মালিকানা প্রতিষ্ঠার জন্য বসতি থেকে দূরবর্তী এলাকাগুলোর জমিও দখল করা।
এমন বক্তব্যের মধ্যেই পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা বেড়েছে। শুক্রবার ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের ৩৪টি হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন ওয়াশিংটন পোস্টের একজন মার্কিন আলোকচিত্রীও। এ ছাড়া পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
তবে লিওরের বক্তব্যের বিরোধিতা করেছেন অন্য ইহুদি ধর্মীয় নেতারা। গুশ এতজিয়নের রাব্বিরা ফিলিস্তিনিদের ফসল সংগ্রহকে চুরি, ধর্মীয় অবমাননা ও নৈতিক বিচ্যুতি হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থডক্স রাব্বিদের সংগঠন তজোহারও জানিয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার কেবল রাষ্ট্রের।
ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে এই ফতোয়া রাজনৈতিক উত্তেজনাও বাড়িয়েছে। লিওর দেশটির উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দলের আধ্যাত্মিক পথপ্রদর্শক। তার বক্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলি পার্লামেন্ট সদস্য গিলাদ কারিভও।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/এসএফএল