ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

বাংলাদেশ

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে

দেশজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পুলিশ মহাপরিদর্শক বলেন, দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা কমিটির সার্বিক সহায়তা ও সুসমন্বিত পদক্ষেপের ফলেই এমন আইনশৃঙ্খলা পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে। এ সময় পূজাকে কেন্দ্র করে ছড়ানো গুজবে কান না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

আইজিপি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী কঠিন পরিস্থিতিতে ছিনতাই, রাহাজানি ও ডাকাতির মতো ঘটনায় দেশের মানুষ যখন উদ্বিগ্ন ছিলেন, সেখান থেকে জনগণের সহায়তায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। সব অপশক্তি ও বৈষম্য দূর করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে পুলিশ কাজ করে যাচ্ছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, বাংলাদেশ পুলিশ সব পূজামণ্ডপকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে, যার ফলে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন