সারা বাংলা
নাটোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী থেকে নাটোরে এসে পৌঁছান।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
নাটোরে পৌঁছে সহকারী হাইকমিশনার মনোজ কুমার প্রথমেই ঐতিহাসিক শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি শহরের আরও কয়েকটি প্রধান দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সহকারী হাইকমিশনার নাটোরের মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং চমৎকার নিরাপত্তা ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, ‘এখানে খুব সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মিলেমিশে থাকছে। স্থানীয় হুইপ মহোদয় নিজে বিভিন্ন স্থানে ঘুরে সব দেখভাল করছেন, সেজন্য তাকে বিশেষ ধন্যবাদ জানাই। পাশাপাশি জেলা প্রশাসক ও তাঁর টিম তীব্র রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও তদারকি করছেন, যা সত্যিই প্রশংসনীয়।’
তিনি নাটোরের বর্তমান আবহকে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। পরিশেষে তিনি বলেন, ‘মা দুর্গা এবং সর্বশক্তিমান যেন আপনাদের সবাইকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি দান করেন।’
ডিবিসি/এসডব্লিউএন