স্বাস্থ্য
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৮৮
.webp)
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৫৯৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৯০ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে হওয়া প্রাণহানির মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। পাশাপাশি এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন রোগী ভর্তি হয়েছেন।
ডিবিসি/আরএসএল