আন্তর্জাতিক, ভারত
ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ধানবোঝাই একটি ট্রাক উঠে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ট্রাকটি একটি খাড়া ঢালু সড়ক দিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি সেখানে প্রবেশ করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে থাকা তীর্থযাত্রীদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী যান ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের চিকিৎসায় সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে।
নবরাত্রি উপলক্ষে সড়কটিতে ব্যারিকেড ও পুলিশের চেকপোস্ট ছিল। এরপরও ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল পাঠানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকান ও পথচারীদের চাপা দেয়।
ডিবিসি/এসএফএল