ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হুতিদের হামলার জেরে রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

হুতিদের হামলার জেরে রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক, আরব

হুতিদের হামলার জেরে রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার পর রাজধানী রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কিংডম সেন্টারের অফিসকর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়।

৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা। ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলে জানায়, অবিলম্বে সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। এ সময়ে কর্মীদের অফিসে না আসার অনুরোধও জানানো হয়েছে। তবে ভবনটির নিচতলায় থাকা শপিংমল খোলা রয়েছে।


নির্দেশনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে এর এক সপ্তাহ আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের বড় ধরনের হামলায় ১৩ জন নিহত হন। ওই ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এ ছাড়া রিয়াদের বিভিন্ন স্কুলে দূর থেকে পাঠদানের মেয়াদ বাড়ানো হয়েছে।


কিংডম সেন্টারে মেরিল লিঞ্চ, পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।


এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অঞ্চলে দুটি এবং তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছে জোটটি।


ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির তেল স্থাপনা, ট্যাংকার ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।


সূত্র:  নিউ স্ট্রেইটস টাইমস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন