আন্তর্জাতিক
১৪৩ বছর ধরে টিকে থাকা ফ্রান্সের সিটি হল ধ্বংস হলো বিক্ষোভকারীদের আগুনে

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে লিমোজেস শহরের টাউন হলে আগুন দিয়েছে মুখোশধারী বিক্ষোভকারীরা। শনিবারের (১৭ অক্টোবর) এই আগুনে ১৪৩ বছরের পুরোনো ভবনটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
স্থানীয় প্রিফেক্ট মরিস বারাতে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পশ্চিম অংশ বাদে ভবনের ছাদ ধসে নিচের তলাগুলোর ওপর পড়েছে এবং বাইরের অংশের দুই-তৃতীয়াংশই এরই মধ্যে বিলীন হয়ে গেছে।’
ভবনটির এই ব্যাপক ক্ষয়ক্ষতিকে ‘ঐতিহ্যের জন্য এক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে তিনি একে ‘গুন্ডাদের ইচ্ছাকৃত কাজ’ বলে তীব্র সমালোচনা করেন।
শনিবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে এই অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল মুখোশধারী বিক্ষোভকারী প্রথমে টাউন হলের বাইরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এরপর তারা জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের মোতায়েন করা হয়।
শত শত মানুষ যখন জ্বলন্ত ভবনটি দেখছিল, তখন পৌরসভার এক কর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় স্থানীয় এক কাউন্সিলর তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এদিকে, টাউন হলে অগ্নিকাণ্ডের পাশাপাশি লিমোজেস শহরের কেন্দ্রস্থলে কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।
সূত্র: ফ্রান্স ২৪
ডিবিসি/ এসভিএন