জাতীয়
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
সরকারি সূত্র অনুযায়ী, ওই দিন দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানের জনসভায় বক্তৃতা দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করতে রবিবার (১৮ অক্টোবর) সভাস্থল পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক সাংবাদিকদের জানান, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই সফর স্থানীয় এসব উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিবিসি/আরএসএল