আন্তর্জাতিক, ভারত
জীবনে প্রথম কলকাতায় পূজা দেখতে এসে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ গেল কিশোরীর

কলকাতার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আনন্দ উৎসবের এই জায়গাটি মুহূর্তেই পরিণত হয় বিষাদে, প্রিয়জনদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
মর্মান্তিক এই ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৩ জন নারী ও ৬ জন পুরুষ। এদের মধ্যে চারজন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন হাওড়া জেলার মালি পাঁচঘড়া এলাকার ৬৬ বছরের এক বৃদ্ধ এবং সবচেয়ে কম বয়সী হলো উত্তর ২৪ পরগনার আগরপাড়ার ১৩ বছরের এক কিশোর।
বিহার থেকে হাওড়ার বালিতে আত্মীয়ের বাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিলেন সুকৃতি রাউত ও তার ১৭ বছর বয়সী বোন আকৃতি কুমারী। আকৃতির জন্য এটাই ছিল প্রথম কলকাতা সফর। শনিবার সন্ধ্যায় পুরস্কারজয়ী ওই মণ্ডপে ছিল দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে বিপত্তি।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সুকৃতি বলেন, ‘আমরা প্রতিমা দেখে বেরিয়ে আসছিলাম। আমার বোন আমার হাত ধরেছিল। প্রতি সেকেন্ডে ভিড়ের চাপ বাড়ছিল। বের হওয়ার কোনো পথ ছিল না। সে আর চাপ সামলাতে না পেরে পড়ে যায়। আমি তাকে হারিয়ে ফেলি। কেউ একজন আমাকে টেনে বের করায় আমি বেঁচে যাই। কিন্তু আমার বোন মারা যায়।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/ এসভিএন