খেলাধুলা, ফুটবল
সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল কোহলি

বিরাট কোহলিকে প্রথম দেখায় অহংকারী ও দাম্ভিক মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, ভারতীয় এই তারকার প্রবল আত্মবিশ্বাসই এমন ধারণা তৈরি করেছিল।
ডি ভিলিয়ার্স বলেন, ‘আত্মবিশ্বাস বেশি ছিল বিরাট কোহলির। আর বিরাট বরাবরই সেরকমভাবেই খেলে এসেছে। কখনও কখনও সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল।’
নিজের প্রথম ধারণার প্রসঙ্গে ডি ভিলিয়ার্স জানান, বিষয়টি নিয়ে তিনি বরাবরই মজা করে কথা বলেন। তাঁর বিশ্বাস, কোহলিও এ নিয়ে তাঁর সঙ্গে একমত হবেন। ১৯ থেকে ২১ বছর বয়সে কোহলি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী এক তরুণ, যাঁর মধ্যে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল প্রবল।
সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের মতে, বড় সাফল্য পেতে নিজের সামর্থ্যের ওপর এমন বিশ্বাস থাকা জরুরি। তবে সেই আত্মবিশ্বাস কীভাবে প্রকাশ করতে হয়, তা সময় ও অভিজ্ঞতার সঙ্গে শিখতে হয়।
ডি ভিলিয়ার্স আরও জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে কোহলি আরও পরিণত হয়েছেন। তরুণ বয়সের নিজেকে প্রমাণ করার তীব্র তাগিদও ধীরে ধীরে কমেছে। ফলে তাঁর আচরণে যে অতিরিক্ত আত্মবিশ্বাসের ছাপ দেখা যেত, সেটিও বদলেছে।
ডিবিসি/ আরএফই