রাজনীতি
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে এই নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে যান ইশরাক হোসেন। তাঁর ও তাঁর নিজস্ব দেহরক্ষীদের অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের মতো ইতিবাচক উদ্যোগের মধ্যে একজন প্রতিমন্ত্রীর এমন আচরণ সরকার ও দলের ভেতর তীব্র অস্বস্তি তৈরি করে। এর ফলে ঘটনার এক দিনের মাথায় তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো।
অস্ত্রকাণ্ড নিয়ে সমালোচনার জবাবে রবিবার নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেন, মাদক কারবারিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তায় তিনি তাঁর বৈধ আগ্নেয়াস্ত্রটি অল্প সময়ের জন্য উঁচিয়ে ধরেছিলেন। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে তিনি দাবি করেন। তবে আগে থেকে পুলিশকে না জানিয়ে এমন অভিযান চালানো এবং জনসমক্ষে অস্ত্র প্রদর্শনের বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্ত করছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ঘনিষ্ঠদের নাম আসায় প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই ঘটনার আড়াই সপ্তাহের মাথায় এবার অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দেওয়া হলো, যা দলের ও সরকারের সদস্যদের জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে।
ডিবিসি/আরএসএল