ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১

যশোরে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম উদ্দিনকে ধরতে গিয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রনিকে আটক করেছে পুলিশ। গত (১৭ অক্টোবর) শনিবার রাতে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আটক রবিউল ইসলাম রনি চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে। অন্যদিকে রহিম উদ্দিনকে আসামি করে আরও একটি মামলা করেছে পুলিশ। রহিম রায়পাড়া জামতলা এলাকার মৃত নান্নু শেখের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর হোসেন জানতে পারেন, চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় রহিমের বাড়ির সামনে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। বিকেল তিনটার দিকে তাকে আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম একটি পোঁটলা ফেলে পালিয়ে যায়। ওই পোঁটলা থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর রহিমকে আটকের জন্য অভিযান চালালে উল্লেখিত আসামিরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল ইরফান আলীকে চড়, লাথি ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা করে। পরে সেখান থেকে রনিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।


মামলার অন্য আসামিরা হলো- রনির স্ত্রী সুরাইয়া খাতুন, রহিমের স্ত্রী দুলারী খাতুন, শংকরপুরের নুরী, রায়পাড়ার মুদি দোকানি খলিল ও তার স্ত্রী কোহিনুর, আশ্রম রোডের রেজাউল, রায়পাড়ার রাজু, কাজল রেখা, মিন্টু ও তার স্ত্রী জেসমিন, পারুল এবং পান্না।


এসআই আলমগীর হোসেন আরও জানান, এ ঘটনায় পলাতক রহিমকে আসামি করে মাদক আইনে একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অপর একটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় আটক রনিকে রবিবার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মারামারি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে ৬টি মামলা চলমান রয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন