বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ ফুটের বিশাল অজগর উদ্ধার, গহিন বনে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের উপস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের গহিন বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়ায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা সাপটিকে আটক করে রাখেন। খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনটির উদ্ধারকারী সাজিদুল ইসলাম সাজিদ আটক অবস্থায় সাপটি উদ্ধার করেন।
পরে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হয়। এরপর বন বিভাগের উপস্থিতিতে সাপটির জন্য উপযোগী ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে রবিবার (১৮ অক্টোবর) মহামায়া ইকোপার্কের গহিন বনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘অজগরটি উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই সাপটিকে আঘাত না করে নিরাপদে উদ্ধার এবং তার উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের কিংবা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। মানুষের অসচেতনতা ও ভয়ের কারণে অনেক সময় নিরীহ বন্যপ্রাণী প্রাণ হারায়। তাই বন্যপ্রাণীর প্রতি সহনশীল আচরণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
ডিবিসি/ এসভিএন