ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

৯৯ বছর বয়সে উড়ন্ত বিমানের ডানায় হেঁটে গিনেস রেকর্ড করলেন বৃদ্ধা

৯৯ বছর বয়সে উড়ন্ত বিমানের ডানায় হেঁটে গিনেস রেকর্ড করলেন বৃদ্ধা

আন্তর্জাতিক

৯৯ বছর বয়সে উড়ন্ত বিমানের ডানায় হেঁটে গিনেস রেকর্ড করলেন বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

৯৯ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘উইং ওয়াকার’ (উড়ন্ত বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়া) হওয়ার রেকর্ড গড়েছেন হেলগা ডাফি। ৯৭ বছর বয়সী বেটি ব্রোমেজকে খবরে এই দুঃসাহসিক কাজ করতে দেখে অনুপ্রাণিত হয়ে তিনিও এটি করার সিদ্ধান্ত নেন।

বর্তমানে উইল্টশায়ারের দেভিজেস এলাকার একটি কেয়ার হোমে থাকেন হেলগা। তবে জীবনের দীর্ঘ সময় তিনি সমারসেটের ফ্রোম এলাকায় কাটিয়েছেন। গ্লুচেস্টারশায়ারের সাইরেনসেস্টারে আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে একটি ছোট বিমানের ওপর নিজেকে বেঁধে তিনি এই উড্ডয়ন সম্পন্ন করেন। এই দুঃসাহসিক অভিযানের মাধ্যমে তিনি উইল্টশায়ার ও বাথ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তহবিলও সংগ্রহ করেছেন।


উড়ন্ত বিমানের ডানায় দাঁড়ানোর অভিজ্ঞতাকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে হেলগা বলেন, ‘আমি মোটেও ভয় পাইনি, কারণ আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম।’


৭ ভাইবোনের মধ্যে সবার বড় হেলগা মনে করেন তার বাবা এই অর্জনে খুব গর্বিত হতেন। তিনি বলেন, ‘বাবা আমাদের কাছে সবসময় সেরাটা প্রত্যাশা করতেন। তাই আমি সবসময় চেষ্টা করে গেছি। আমার মনে হয় তিনি যদি কোথাও থেকে থাকেন, তবে তার প্রথম সন্তানের এমন অর্জনে ভীষণ গর্বিত হবেন।’


উড্ডয়ন শেষে এয়ারফিল্ডেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে রেকর্ডের সনদ তুলে দেয়া হয়।


তার এই উড্ডয়ন দেখতে এসেছিলেন দুই ভাতিজি জ্যাকি রোজ ও জুলি প্রিস। তারা হেলগাকে একজন ‘স্বাধীন’ ও ‘স্পষ্টভাষী’ নারী হিসেবে বর্ণনা করেন। জ্যাকি বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমী কিছু করতে চাইছিলেন। তিনি শুধু প্রমাণ করতে চেয়েছিলেন যে ৯৯ বছর বয়সেও তিনি আগের মতোই আছেন।’


হেলগার এই উদ্যোগ তাদের জন্য বেশ আবেগঘন ছিল, কারণ তাদের মা জীবনের শেষ যাত্রায় এই এয়ার অ্যাম্বুলেন্সই ব্যবহার করেছিলেন।


এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটির প্রতিনিধি স্যাম কনওয়ে হেলগাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে জানান, তিনি সংস্থাটির জন্য ১৩শ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন। হেলগাকে দেখে মনে হচ্ছে তিনি তার জীবনের সেরা সময়টি পার করেছেন বলেও মন্তব্য করেন স্যাম।


এদিকে, যার রেকর্ড ভেঙে হেলগা এই স্বীকৃতি পেয়েছেন, সেই বেটি ব্রোমেজ তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে মজা করে তিনি বলেন, ‘কবে আমার বয়স ১০০ হবে আর আমি আবারও এটা করতে পারব, সেই অপেক্ষায় আছি। আমি তোমাকে আবারও হারাব।’


এর আগে ছয়বার উইং ওয়াক করা বেটি আরও বলেন, ‘আমি এটি করতে খুব পছন্দ করি। তবে প্রথমদিকে এটি কিছুটা ভয়ের, তাই না? শুধু একটু শঙ্কা কাজ করে।’


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন