আন্তর্জাতিক
বোমাতঙ্কে ইসরায়েল ছেড়ে আসা ফ্লাইটের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

বোমা হামলার হুমকির জেরে ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের ফ্লাইটটি রুমানিয়া সীমান্তের কাছাকাছি থাকার সময় এর ক্রুরা বোমার হুমকি পান এবং বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।
বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান ফ্লাইটটিকে এসকর্ট করে সোফিয়া বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়। পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন ক্রু এবং ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর তারা সবাই নিরাপদে নেমে গেছেন।
অস্ট্রিয়ান এয়ারলাইন্স বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তাজনিত তল্লাশি চালানো হয়েছে। এয়ারলাইন্সটির পক্ষ থেকে বলা হয়, ‘উড়োজাহাজটিতে তল্লাশি শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব যাত্রীদের বিকল্প ফ্লাইটে তুলে দেয়া হবে।’ বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে একটি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্যমতে, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ৮২ ফ্লাইটটি রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর এটি গতিপথ পরিবর্তন করে সোফিয়ার দিকে ফিরে যায় এবং সেখানে জরুরি অবতরণের সংকেত পাঠায়।
প্রসঙ্গত, গত মাসেই সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে এক পাইলটকে কুঠার দিয়ে হামলার অভিযোগ ওঠে কো-পাইলটের বিরুদ্ধে। উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যাওয়ার পর অন্য ক্রু ও যাত্রীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সৌদি আরবে ফ্লাইটটির জরুরি অবতরণ করানো হয়। ওমানের নাগরিক ওই কো-পাইলটের বিরুদ্ধে ইতিমধ্যে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার পর ইসরায়েল তার দেশে প্রবেশকারী সব ফ্লাইটের পাইলটদের পরিচয় পরীক্ষার নির্দেশ দিয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/ এসভিএন