রাজনীতি
আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর)নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে তিনি জানান, মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। একইসঙ্গে তিনি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার ও 'প্রজন্ম দল'-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দেশব্যাপী সফর করার কথা উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করা সুশীল সমাজের প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলনের প্রয়োজন হলে তারা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে এসে যোগ দেন।
প্রতিমন্ত্রীর এই পদত্যাগের ঘোষণার নেপথ্যে রয়েছে গত শনিবারের (১৭ অক্টোবর) একটি ঘটনা। ওইদিন নিজ সংসদীয় আসন ঢাকা-৬ এর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে অভিযানের সময় প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অস্ত্র প্রদর্শনের ওই ঘটনার জেরে রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, গতকাল প্রতিমন্ত্রী নিজে বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন।
ডিবিসি/এফএইচআর