ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বিদ্যালয়ের ভেতরেই মারামারি, শিক্ষক স্বামী-স্ত্রী দুজনকে দুপ্রান্তে বদলি

ময়মনসিংহে বিদ্যালয়ের ভেতরেই মারামারি, শিক্ষক স্বামী-স্ত্রী দুজনকে দুপ্রান্তে বদলি

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বিদ্যালয়ের ভেতরেই মারামারি, শিক্ষক স্বামী-স্ত্রী দুজনকে দুপ্রান্তে বদলি

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারির ঘটনায় আলোচনায় আসা শিক্ষক দম্পতিকে একই উপজেলার প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। পরে তার স্বামী ও আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকেও বদলি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।


বদলির আদেশ অনুযায়ী, প্রধান শিক্ষক আফজাল হোসেনকে উপজেলার উত্তরের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তার স্ত্রী আছমা খাতুনকে দক্ষিণের কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিদ্যালয় দুটি উপজেলার দুই প্রান্তে অবস্থিত হওয়ায় একটির সঙ্গে অন্যটির দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।


গত ৫ অক্টোবর ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।


প্রায় ১৪ বছর ধরে আফজাল হোসেন ও আছমা খাতুন আলাদা থাকছেন। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ একপর্যায়ে কর্মস্থলেও ছড়িয়ে পড়ে। মাঝেমধ্যে বিদ্যালয়ে তাদের প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


এ পরিস্থিতিতে বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে থাকে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ওই বিদ্যালয় থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন বলেন, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকেও কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।


তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার দৃশ্য দেখা গেছে। শিক্ষক দম্পতির মধ্যে আগে থেকেই মনোমালিন্য ও ঝগড়াঝাটি ছিল। ঘটনার দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তার ভাষ্য অনুযায়ী, তাদের এক সাবেক সহকর্মীর মাধ্যমে ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে।


ডিবিসি/ এসভিএন

 

আরও পড়ুন