ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলাদেশ, সারা বাংলা

কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির আঙিনা থেকে একটি পেট্রল বোমা, দুটি বারুদ, দুই লিটার পেট্রল ও ইলেকট্রনিক সার্কিট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথে থাকা পুলিশ বক্স থেকে প্রায় দশ হাত দূরের নারিকেল গাছের গোড়া থেকে এসব উদ্ধার করা হয়।

এরপর ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে পৌঁছে সকাল ৮টার দিকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করে। সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।


জানা গেছে, ১৭ অক্টোবর ছিল মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছে লালন একাডেমি। তিরোধান দিবস ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও লাখো বাউল, সাধক ও লালনভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসন।


গত শনিবার বিকেলে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল রবিবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এ দিন দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও লালনভক্তদের পদচারণায় মুখরিত ছিল আখড়াবাড়ি। এরপর রাত দেড়টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথে অবস্থিত পুলিশ বক্স থেকে মাত্র ১০ হাত দূরে অবস্থিত নারিকেল গাছের গোড়া থেকে একটি সাদা ব্যাগে থাকা বোমাসদৃশ বস্তু ও ইলেকট্রিক সার্কিট উদ্ধার করে পুলিশ। এতে আখড়াবাড়িজুড়ে আতঙ্ক বিরাজ করছে।


আরও জানা গেছে, আজ সোমবার অনুষ্ঠানের তৃতীয় ও সমাপনী দিন। সন্ধ্যায় আলোচনা সভা ও রাতভর লালনের গানে গানে শেষ হবে তিন দিনের স্মরণোৎসব। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে অপরাধীরা আখড়াবাড়ির আঙিনায় বোমাসদৃশ বস্তু, ইলেকট্রনিক সার্কিট, বারুদ ও দুই লিটার পেট্রল রেখেছিল। সেগুলো রাতে উদ্ধার করে আজ সকাল ৮টার দিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন