ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে টেকনাফ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)-এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল।


এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র সাইমুল ইসলাম সিফাতকে (১২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এবং পানখালী এলাকার মৃত নুর আহমদের ছেলে ফরিদ আলম (২৮)। অভিযানকালে অপহরণে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।


এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া ভুক্তভোগী ও গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন