আন্তর্জাতিক, ভারত
দিল্লিতে ককরোচ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ গঠন

ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিবাদ কর্মসূচির পাল্টা হিসেবে গঠিত হয়েছে ‘লাল হিট জনতা পার্টি’ নামে একটি সংগঠন। রবিবার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে সংগঠনটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কনট প্লেসসহ বিভিন্ন এলাকায় সিজেপির বিক্ষোভের মধ্যে নতুন সংগঠনটি আত্মপ্রকাশ করে। সমাবেশে সংগঠনটির প্রধান অয়ন ভাটনগরসহ অন্য বক্তারা সিজেপি, কংগ্রেস ও বিক্ষোভকারীদের সমালোচনা করেন। তাদের অভিযোগ, এসব কর্মসূচির কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
অয়ন ভাটনগর বলেন, সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে একত্র করার সক্ষমতা দেখাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাক দিলে আরও বেশি মানুষ সমবেত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি প্রসঙ্গে ভাটনগর বলেন, কোনো দাবির পক্ষে ৫০ হাজার মানুষ জড়ো হলেই তা মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা নষ্ট করারও সমালোচনা করেন তিনি।
ভাটনগরের দাবি, গণতন্ত্র রক্ষা এবং পুলিশ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা বজায় রাখতেই নতুন সংগঠনটি গঠন করা হয়েছে। সমাবেশে সাংবাদিক পবন দাবি করেন, আন্দোলনের কারণে ব্যবসায়ীদের তিন হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। তার আশঙ্কা, ক্ষতির পরিমাণ বেড়ে ১০ হাজার কোটি রুপি হতে পারে।
সমাবেশে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে এসে রাস্তায় নামা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল