সারা বাংলা
বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বরিশাল নগরীতে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. নয়ন (২৫) ও তার স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তারা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন